এক বছরেরও বেশি সময় পর খেলা ফিরছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আগামী ২২ মার্চ খুলনার এ স্টেডিয়ামে ম্যাচ ফিরবে। করোনার কারণে দীর্ঘ সময় এ স্টেডিয়ামের খেলা বন্ধ ছিলো।
জাতীয় লিগকে সামনে রেখে এখন চলছে স্টেডিয়ামের সর্বশেষ প্রস্তুতি। যে প্রস্তুতিতে মাঠ, ড্রেসিং রুম সব কিছুতেই নতুন করে ঘষামাজা করা হচ্ছে। এছাড়া করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্যবিধির বিষয়ে প্রস্তুতি নিয়েছে আবু নাসের স্টেডিয়াম কর্তৃপক্ষ। সর্বশেষ ২০২০ সালের ৩ মার্চ এ ভেন্যুতে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের চূড়ান্ত পর্বের খেলা হয়েছিল।
বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসরের উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ খুলনায় স্বাগতিক খুলনা বিভাগ মুখোমুখি হবে সিলেট বিভাগের। এরই মধ্যে ভেন্যুতে অনুশীলন শুরু করেছে খুলনা বিভাগ। রবিবার অনুশীলন শুরু করবে সিলেট বিভাগও।
যদিও শেখ আবু নাসের স্টেডিয়ামের সব কিছুই এক প্রকার ভঙুর অবস্থায়। তবে জাতীয় লিগকে সামনে রেখে ড্রেসিং রুমে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন খেলা না থাকায় মাঠ ও উইকেটেরও যত্ন নেয়া হয়নি সেভাবে। তবে গত কয়েক দিনে আউটফিল্ডোর ঘাষ কাটাসহ মাঠও প্রস্তুত করা হয়েছে। এখন চলছে শেষ মুহুর্তের উইকেটের কাজ।
আবু নাসের স্টেডিয়ামে সাইটস্ক্রিন ভাঙা পাঁচ বছরেরও বেশি সময় ধরে। প্রতি বছরই শোনা যায় সাইট স্ক্রিন নতুন করে তৈরী করা হবে। কিন্তু শেষ পর্যন্ত হয় না। এবারও অন্যবারের মতো বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তৈরী করা হয়েছে সাইটস্ক্রিন।
ভেন্যু প্রস্তুতির বিষয়ে আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, ‘এক বছরেরও বেশি সময় পর শেখ আবু নাসের স্টেডিয়ামে কোন খেলা হচ্ছে। এটা নিয়ে আমাদের কর্মীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা এরই মধ্যে মাঠ, ড্রেসিং রুম সব কিছুই প্রস্তুত করেছি। আম্পায়ার্স রুম, ম্যাচ রেফারি রুমও তৈরি করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মাঠ, উইকেটও। এছাড়া সব রুমে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা রাখা হয়েছে। সব মিলিয়ে আবু নাসের স্টেডিয়াম এখন জাতীয় লিগের জন্য প্রস্তুত।’